# Tags

বড়াইগ্রামে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি শুরু

নাটোর প্রতিনিধি-নিয়োগবিধি প্রণয়ন, অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার সকল পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীবৃন্দ। মঙ্গলবার সকাল ৯টা থেকে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে ১০দিনের এই কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। প্রথম দিন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা মমতাজ খাতুন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মাহমুদুল হাসান ও আবুল হোসাইন, পরিবার কল্যাণ সহকারী শেফালী আক্তার।

বক্তারা বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এই ৩ পদ ছাড়া সকল পদে নিয়োগবিধি আছে। দীর্ঘ ২৬ বছরেও এই ৩ পদে নিয়োগবিধি চূড়ান্ত হয় নাই৷ এটা খুবই দুঃখজনক ও আমাদের জন্য হতাশাজনক।

এ নিয়োগবিধি অনুমোদন ও বাস্তবায়ন হলে আমাদের পদোন্নতি, চাকরি সুবিধা সহ চাকরিতে সুশাসন প্রতিষ্ঠা হবে।

আগামী ১১ ডিসেম্বরের মধ্যে এই দাবি পূরণ না হলে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলন ঘোষণার কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান আন্দোলনকারীরা।